ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

আপডেট : ১৩ জুন ২০১৮, ২০:৪৩
বন্দরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মাদক ব্যবসায়ী সাগর মিয়ার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া এসআই সামসুল হকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেছেন পুলিশ সুপার মঈনুল হক। গতকাল বুধবার বিকালে বন্দর ফাঁড়ি থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। 
 
এসআই সামসুল হকের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল। 
 
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দর ফরাজীকান্দা এলাকার লাহর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে সাগর মিয়াকে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সামসুল হক ধরে নিয়ে যায়। রাতভর মারধর ও অমানুষিক নির্যাতন চালিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয় সামসুল হক। গত মঙ্গলবার সাগর মিয়াকে ৫৫ পিছ ইয়াবা দিয়ে আদালতে পাঠানো হয়। এ ঘটনাটি জানাজানি হয়ে যায়।
 
বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তিনি এসআই সামসুল হককে বন্দর ফাঁড়ি থেকে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে যান।
 
ইত্তেফাক/নূহু