সাতক্ষীরার আশাশুনির বিছটে প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার।
বৃহস্পবিার দুপুরে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের সরদার বাড়ির সামনে ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর তিনটি স্থানে প্রায় দেড়’শ ফুট বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানান, আগে থেকেই বাধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চাপে হঠাৎ করেই দুপুরে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে অর্ধ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আলমগীর আলম জানান, প্রায় ৬ মাস ধরে বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। এখনই বাঁধটি সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে আনুলিয়া, নয়াখালী, বল্লপপুর, বাসুদেপুরসহ নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
ইত্তেফাক/ইউবি
