পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ১৫ জুন ২০১৮, ০২:২৮

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বৃহষ্পতিবার রাতে জেলার বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরেক ভাই ওমর ফারুকও আহত হন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গেদেরকুড়ি বাজারে ওই এলাকার সিরাজ উদ্দিনের বড় ছেলে রেজাউল করিম লেবুর সঙ্গে তার ছোট ভাই মিনহাজ আলীর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিনহাজ তার পান দোকানের শুপারি কাটার ছুরি দিয়ে বড় ভাইকে এলোপাথারি আঘাত করে।

গুরুতর আহতাবস্থায় গভীর রাতে (রাত ১২ টা নাগাদ) রেজাউল করিম লেবুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পঞ্চগড়ের সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/নূহু