দেশে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছা. বুলবুলি আক্তারকে (৩০) বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন গ্রাম হিরোইনসহ আটক করেছে পুলিশ। বুলবুলি উপজেলার ২ নম্বর কাশিমপুর ইউনিয়নের আলোপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, তিনি তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তার পরিবারের সবাই এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দেশে চলমান মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে বুলবুলি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের পুলিশ সব সময়ই আটক করার চেষ্টা করছিলো। কিন্তু তারা সবাই পলাতক থাকার কারণে এতদিন তাদের আটক করা যায়নি। বুলবুলি তার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে বুলবুলিকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩গ্রাম হিরোইন পাওয়া গেছে। অভিযানের সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যাওয়ার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বুলবুলির বিরুদ্ধে থানায় মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
ইত্তেফাক/ককে
