ঈশ্বরদীতে ব্যাটারী চালিত রিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে সাদ্দাম হোসেন (৩০) নামে এক রিক্সা চালকের। সে শহরের এম এস কলোনী তিন তলা এলাকার ফরিয়াদ হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা চঞ্চল জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের নুরমহল্লার ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে ব্যাটারিচালিত রিক্সা বিদ্যুতের সংযোগের মাধ্যমে চার্জ দিচ্ছিলেন সাদ্দাম। হঠাৎ বিদ্যুতের তার সাদ্দামের শরীরের সঙ্গে জড়িয়ে যায়। সাদ্দামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদ্দামের ৩ বছরের একটি শিশু সন্তান রয়েছে। সাদ্দামের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, তিন বছর আগে সাদ্দামের ভাই নবাব আলী বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।
ইত্তেফাক/নূহু
