ঈদে বকেয়া বেতন ও ঈদ বোনাস না পেয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নর্থ পোল্টি ফার্মে কর্মরত ৩০ জন আনসার সদস্য। উৎসবের আগের দিন শুক্রবার পর্যন্ত বেতন বোনাস না পেয়ে পরিবার নিয়ে দিশেহারা তারা।
আনসার সদস্যরা অভিযোগ করে বলেন, গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে তাদের। পাশাপাশি ঈদুল ফিতরের উৎসব ভাতা প্রদান করা হয়নি। বেতন এবং বোনাস না পেয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।
সেখানে কর্মরত আনসার সদস্য লিয়াকত হোসেন বলেন,‘বেতন বোনাস না পেয়ে ঈদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ থেকে বঞ্চিত আমরা।’
আনসারের সহকারী প্লাটুন কমান্ডার লিয়াতক হোসেন বলেন,‘বেতন না পেয়ে আমরা মানবেতর দিন কাটাচ্ছি। এখন বোনাসের অভাবে আমরা ঈদ আনন্দ থেকেও বঞ্চিত হচ্ছি।’
এ বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কল্পণা রাণী রায় বলেন, ‘বকেয়া বেতন বোনাস প্রদানের ব্যাপারে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি। তারা দিবেন দিবেন বলে দিচ্ছেন না। সদস্যরাতো গরীব মানুষ, তাদের বেতন বোনাস বাকি থাকাটা অমানবিক।’
এ বিষয়ে নর্থ পোল্টি ফার্মের ব্যবস্থাপক মোতাওয়াসীল বিল্লা বলেন,‘বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জুন ক্লোজিংয়ের কারণে একটু সমস্যা হচ্ছে। তবে গতকাল পাওনার আংশিক পরিশোধ করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
