নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ জুন ২০১৮, ১১:৩৬
নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় আজ শনিবার সকালে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী ভাতিজা দুলাল হোসেন (২২) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। উপজেলার বাঁকরইল মোড় এই হতাহতের ঘটনা ঘটেছে। 
 
নিহত জাহাঙ্গীর আলম পত্নীতলা উপজেলার বনগ্রামের মো. তকিমুদ্দিনের ছেলে। নিহত জাহাঙ্গীর আলমের ভাতিজা আহত দুলাল হোসেন। 
 
পত্নীতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জাহাঙ্গীর আলম এবং তার ভাতিজা দুলাল হোসেন মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিলেন। সকাল ৭ টার দিকে বাঁকরইল মোড়ে পৌঁছলে ঢাকা থেকে সাপাহারগামী যাত্রীবাহী হানিফ কোচ মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যান। দুলাল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থা নেয়া হয়েছে।
 
পত্নীতলা থানার ওসি তদন্ত জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটির চালক, হেলপার পালিয়ে গেলেও বাসটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে