ঝালকাঠির রাজাপুরে ভাতকাঠি গ্রমের পশ্চিমকান্দা এলাকায় বসতবাড়ি সংলগ্ন বাগানে সবুজ হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। নিহত সবুজ উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মৃত মোকাম্মেল হাওলাদারের ছেলে।
পরিবারের স্বজনরা জানায়, ঈদের দিন রাতের খাবার খেয়ে সবুজ বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন রবিবার (১৭ জুন) সকালে এলাকার লোকজন সবুজের বাড়ির অদূরে বাগানের মধ্যে সবুজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাজাপুর থানার পুলিশকে খবর দেয়।রাজাপুর থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানায়, সবুজকে দুর্বৃত্তরা হত্যা করে বাগানে ফেলে রেখেছে।
স্থানীয়রা জানায়, একই এলাকার মাদক ব্যবসায়ী মিজানের শ্যালক মালদ্বীপ প্রবাসী মিলুর স্ত্রীর সঙ্গে সবুজের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক চলে আসছিল। সবুজের পরকীয়ার কথা এলাকায় জানাজানি হলে কিছুদিন পূর্বে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান নিহত সবুজকে এ পথ থেকে সরে যেতে বলে। অন্যথায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে বলে মিজান সবুজকে হুমকি দেয়। ঐ পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।
এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল, মোজাম্মেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন সিদ্দিকি জানান, এটি হত্যা না অন্যকিছু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
উল্লেখ্য গত দু মাসে রাজাপুরে ৪ টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/নূহু
