সোমবার থেকে গাজীপুরে নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট : ১৭ জুন ২০১৮, ১৯:১৬
আগামীকাল সোমবার থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। এদিকে নৌকাকে বিজয়ী করতে সংগঠিত হয়েছে আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে বলে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান জানিয়েছেন। 
 
আগামী ২৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীককে বিজয় করতে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। 
 
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা বিজয়ের পর গাজীপুরে আওয়ামী লীগ উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে মাঠপর্যায়ে কাজ করার লক্ষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ বেড়েছে। বিশেষ করে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপি ও তার পরিবারের সদস্যরা নৌকার পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদেরকে আগ্রহী করে তুলেছেন। 
 
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিগত রমজান মাসে দলীয় ইফতার মাহফিলগুলোতে উপস্থিত হয়ে সকল কোন্দল মিটিয়ে নৌকাকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার আহ্বান জানান।
 
ইত্তেফাক/ইউবি