বাড়ির কাছেই রবিবার রাত সোয়া ১০টার দিকে ছুরিকাঘাতে যুবককে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম শহরের চট্টেশ্বরী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মো. অনিক (২৬) নগরীর দামপাড়া পল্টন রোডের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, অনিকের ছোট ভাই রনিক রবিবার বিকালে মোটরসাইকেল নিয়ে ব্যাটারি গলিতে ঢোকার সময় জোরে হর্ন দেন। এ নিয়ে স্থানীয় ছেলেদের সঙ্গে বাকবিতণ্ড ও মারামারি হয়। পরে পুলিশ গেলে উভয়পক্ষ সরে যায়।
এ ঘটনার জের ধরে ওই এলাকার তুষার, ইমনসহ ১০-১২জন সঙ্গবদ্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে অনিকের বাড়ির কাছে চট্টেশ্বরী মোড়ে আসেন। সেখানে অনিকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। ঘটনাস্থলে থাকা অনিকের বাবা নাসির তাদের থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে অনিককে ছুরিকাঘাত করে তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, অনিককে তার বাবা হাসপাতালে নিয়ে আসেন। পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
