গৌরনদীতে পূর্ব শত্রুতার জের ধরে শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৬:০৫
বরিশালের গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তামিম হাওলাদার (৭) নামের এক শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। তামিম গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের জাফর হাওলাদারের পুত্র। আহত অবস্থায় তামিমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডের থানায় ৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।  
 
আহত তামিমের মা দুলু বেগম জানান, তাদের সঙ্গে প্রতিবেশী রাজ্জাক গাজীর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এর সূত্র ধরে তার পুত্র তামিমকে রাজ্জাক গাজীর পুত্র রিজন গাজী একাধিকবার মারধর করে। গত শুক্রবার ঈদের আগের দিন তামিম পাশ্ববর্তী মসজিদে ইফতার খেতে যায়। এ সময় রাজ্জাক গাজীর পুত্র রিজন গাজী (১৩) তামিমের মাথার টুপি নিয়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে তামিমকে পার্শ্ববর্তী হাকিম সরদারের পরিত্যাক্ত একটি ঘরের মধ্যে নিযে বেধড়ক পেটায়। এক পর্যায়ে রিজন তাকে (তামিম) কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তামিমের চিৎকার শুনে স্থানীয় আক্তার সরদারের পুত্র আজিজুল সরদার এগিয়ে গেলে রিজন আহত তামমিকে ফেলে পালিয়ে যায়।
 
পরবর্তীতে এলাকাবাসী তামিমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত তামিমের মা দুলু বেগম বাদী হয়ে রবিবার গৌরনদী মডের থানায় ৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির ওই বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
ইত্তেফাক/নূহু