মঠবাড়িয়ায় যুবলীগ নেতার শরীরে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতার ১৮ কোপ

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৭:১৯
পিরোজপুরের মঠবাড়িয়ায় শামীম মাহমুদ হাওলাদার (৪০) নামে এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভগিরথপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লাভলু তালুকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতার শরীরে ১৮টি কোপ দিয়ে মারাত্মক জখম করে।
 
স্থানীয়রা আহত যুবলীগ নেতা শামীমকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শামীম উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ছোট শৌলা গ্রামের আবদুল মন্নান মাস্টার হাওলাদারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভগিরথপুর গ্রাম্য বাজারে জমি দখল নিয়ে শামীম মাহমুদ ও লাভলু তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে ওই জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে ছাত্রলীগ নেতা লাভলু তালুকদারকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ যুবলীগ নেতা শামীম ও তার দলবল। ওই ঘটনার জের ধরে স্থানীয় ভরিথপুর বাজারে রবিবার এ হামলার ঘটনায় ঘটে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা আবদুস ছত্তার মেম্বরের অফিসে যুবলীগ নেতা শামীম মাহমুদ অবস্থান করছিলেন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা লাভলু তালুকদার দলবলসহ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শামীমের সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে ১৮টি কোপ দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। 
 
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন জানান, হামলার ঘটনা মৌখিকভাবে অবহিত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু