সারিয়াকান্দিতে যমুনায় নৌকা ডুবে ছেলের মৃত্যু, মা নিখোঁজ

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৮:৪৫
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় ছেলের মৃত্যু এবং মা নিখোঁজ হয়েছেন। জানা গেছে, গত শনিবার ঈদুল ফিতরের দিন সকাল ১১টার দিকে চালুয়াবাড়ী ইউনিয়নের  হাটবাড়ী চর থেকে নৌকাযোগে ১৫ জন যাত্রী নিয়ে পাশের চরে যাওয়ার সময় হঠাৎ দমকা হাওযার কবলে পড়ে নৌকাটি যমুনা নদীতে ডুবে যায়। এ ঘটনায় হাটবাড়ী চরের শাহজাহান আলীর স্ত্রী ঝরনা বেগম (৪৫) এবং তার ছেলে ইসমাইল হোসেন (৫) পানিতে ডুবে নিখোঁজ হন।
 
নিখোঁজ ঝরনা বেগমের আরেক ছেলেসহ অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে যমুনা নদীর তীরে আসতে সক্ষম হয়। বিকেল ৪টার দিকে কুতুবপুরের নিকট যমুনা নদী থেকে  ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।ইসমাইলের মা ঝরনা বেগম সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলী নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/নূহু