এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মিস্টার হ্যান্ডসাম’। খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। অভিনয় করেছেন মাজনুন মিজান, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম প্রমুখ। সিড একজন গাড়ি চোর। সিড জানে বড় চোর হতে গেলে আগে জেন্টেলম্যান হতে হয়। তাই সে মিস্টার হ্যান্ডসাম হয়ে চলাফেরা করে। সিডের চুরির কৌশল একটু ভিন্ন। প্রথমে গাড়িওয়ালা কোনো মেয়েকে পটায়, কিছুদিন প্রেম করে। তারপর এক সময় সুযোগ বুঝে নিজের উদ্দেশ্য হাসিল করে। জীবনটাকে রেসের মাঠ আর সম্পর্ককে খেলার একটা কৌশল বলেই ভাবে সিড। কিন্তু তার এ ভাবনা সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত করে দেয় সংযুক্তা। সংযুক্তার কাছে এসে সিড প্রথমবারের মতো ধরা পড়ে। তারপর সিড পালানোর জন্য দৌড়াতে থাকে। কিন্তু কোথায় পালাবে সে? দৌড়ে কতদূর যাবে?
