কক্সবাজারে যুবককে খুনের দায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জেল হাজতে

আপডেট : ১৮ জুন ২০১৮, ২০:৪৭
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তৈতৈয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবছার নামের এক যুবককে খুন হয়েছে। এ ঘটনার দায়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সেক্রেটারী জসিম উদ্দিনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
 
১৭ জুন বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবছার কামাল প্রকাশ কালা পুতু তৈতৈয়া গ্রামের মৃত ছৈয়দ নুরের পুত্র। সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চেয়ারম্যান জসিমের চাচাতো ভাই শফি তৈতৈয়া থেকে আসার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে শফি চেয়ারম্যান জসিমকে খবর দিলে, জসিম দলবল নিয়ে তৈতৈয়া গিয়ে আবছার কামাল প্রকাশ কালা পুতুকে প্রহার করে। এতে আবছার কামাল গুরুতর আহত হলে চেয়ারম্যান জসিম তার গাড়িতে করে লাশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন।
 
এ সময় হাসপাতালে ক্ষুব্দ জনতা চেয়ারম্যান জসিমের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় জনতা জসিমের ফাঁসির দাবিতে মিছিল করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার খুনের ঘটনায় চেয়ারম্যান জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার তাকে হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু