কমলনগর তিন বছরের শিশুর পাশবিক নির্যাতনকারী গ্রেফতার

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:১৯
কমলনগরে তিন বছরের শিশুর পাশবিক নির্যাতনকারী মোঃ ছায়েদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার ফেনী জেলার বিরিঞ্চি বনানী পাড়া থেকে তাকে গ্রেফতার করে কমলনগর থানা পুলিশ। সে এ বছরের জুন মাসের এক তারিখে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মাত্র তিন (০৩) বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঐদিনেই শিশুটির দিনমজুর বাবা ওমর ফারুক বাদী হয়ে কমলনগর থানায় ছায়েদ, ছায়েদের শ্বশুর ও শ্যলকসহ তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, চরলরেন্স ইউনিয়নের মৃত শাহাজাহানের ছেলে দুই সন্তানের জনক মোঃ ছায়েদ পার্শ্ববর্তী চরমার্টিন গ্রামে ১০ বছর পূর্বে বিয়ে করে ঘরজামাই থাকে। সে একই বাড়ির মোঃ ওমর ফারুকের কন্যা শানজিদা আক্তারকে (৩) কৌশলে তার বসত ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
 
কমলনগর থানার অফিসার ইনচার্জ সোমবার রাতে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে হাজিরহাট তদন্ত কেদ্রের ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রধান অভিযুক্ত ছায়েদকে ফেনী জেলার বিরিঞ্চি বনানী পাড়া থেকে গ্রেফতার করে। মঙ্গলবার আমরা তাকে আদালতে সোপর্দ করবো। শিশুটি চিকিৎসার পর এখন নিজ বাড়িতে রয়েছে। 
 
ইত্তেফাক/নূহু