ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আল-আমীন জমাদ্দার (২৮) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে (১৯ জুন) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সুত্র জানায়, আল-আমীন নিজের অটোবাইকের চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন। ঐ সময় আল-আমীনের শরীর ভেজা ছিলো। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, ইজিবাইকে সারারাত বিদ্যুৎ লাইনের সঙ্গে চার্জারের সংযোগ দেওয়া ছিল। প্রতিদিনের মতো সকালে অটোবাইকটি নিয়ে বের হওয়ার জন্য চার্জার খুলতে যান আল-আমিন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। এ ঘটনায় একটু অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের দাবির প্রেক্ষিতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে। নিহত আল-আমীন উপজেলার সাতুরিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী জমাদ্দারের পুত্র। আল-আমীন এক পুত্র সন্তানের জনক।
ইত্তেফাক/নূহু
