রংপুরের মর্ডাণ মোড় ব্রিজ সংলগ্ন মেট্রোপলিটন তাজহাট থানার পাশের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ইজিবাইকের ২৮টি ব্যাটারি উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ জড়িত চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আরপিএমপি কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ।
গ্রেফতারকৃতরা হলে- চোর চক্রের সদস্য ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বাঠামারা এলাকার মৃত. মোকলেছ মিয়ার ছেলে ট্রাক ড্রাইভার আফছার আলী (৪৫), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাউশিয়া এলাকার মৃত. মজনু মিয়ার ছেলে মাসুদ রানা (৩৫) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার জাকির হোসেনকে (৫০)।
আরপিএমপি কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, গত ১৭ নভেম্বর ভোররাতে রংপুর মহানগরীর তাজহাট থানা সংলগ্ন ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশা বিক্রেতা শাহিন আক্তার ও মনিরুজ্জামান মিঠুর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্র একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১১-৩৬৯৯) করে দুটি দোকান থেকে ২৮টি ব্যাটারি নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী শাহীন আক্তার সেই দিনই অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামি করে মামলা দায়ের করেন।
কমিশনার বলেন, পরদিন মামলার তদন্তকারী তাজহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) তাজমিলুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি তদন্ত সহায়ক দল ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সিসিটিভির ফুটেজ সহায়তায় চোরাই কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ চুরি হওয়া ১১টি ব্যাটারি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় গ্রেফতার ৩ জন সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে এই চক্রটি সংঘবদ্ধভাবে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটন করেছে। বর্তমানে ব্যাটারি চুরির ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ।
প্রেস ব্রিফিংয়ে আরপিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিশনাল ডিআইজি) মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্র্টস) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্র্টস) আব্দুল্লাহ্ আল ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামীমা পারভীন, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) এ.কে.এম ওহিদুন্নবী, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
