রাউজানে অগ্নিকাণ্ডে পুড়লো ৩ বসতঘর

আপডেট : ২০ জুন ২০১৮, ১৭:০৭

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরু, হাঁস-মুরগিসহ পুড়েছে ৩টি বসতঘর। গত মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনু হাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্ধা মো. সালাউদ্দিন তালুকদার জানান, রাত ১টার দিকে আগুন লাগলে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। চলতি বন্যায় ডাবুয়া সেতু ভেঙ্গে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি। পরে মসজিদের মাইকে মাইকিং করলে পার্শ্ববর্তী লোকজন বালতি, কলসি, গামলা নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগেই নুরুল ইসলাম, নুর মোহাম্মদ, ও জহিরুল প্রকাশ কালুর ঘর তিন বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে নুরুল ইসলামের গৃহপালিত গরু ও তাদের গৃহপালিত হাঁস মুরগিসহ আসবাবপত্র, প্রয়োজনীয় দলিল ও স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থীর বই-খাতা পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সুত্রপাত এখনো অজ্ঞাত।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, তাদের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দশ লাখ টাকা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৩টি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের পাশে বৃত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নিকাণ্ডের বিষয়ে আমাকে অবহিত করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হবে।’

ইত্তেফাক/নূহু