রায়গঞ্জ থেকে পাঁচ ডাকাতকে আটক করেছে হাইওয়ে পুলিশ

আপডেট : ২০ জুন ২০১৮, ১৮:২০

মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে পাঁচ ডাকাতকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে বগুড়া-পাবনা সড়কের রায়গঞ্জ উপজেলার  ঘুড়কা বেলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি জানান। আটক ডাকাতেরা হলো, রায়গঞ্জ উপজেলার কোদলাদিগর গ্রামের মহির উদ্দিনের ছেলে শাহেদ আলী (৪০), একই উপজেলার বিলদাশাইল গ্রামের আবুল হোসেনের ছেলে মুকুল হোসেন (৩৫) ও বেতুয়াদিগর গ্রামের মজিবুর শেখের ছেলে নুর নবী (২০), বগুড়া জেলার শেরপুর উপজেলার আমিনপুর নতুন কলোনী মহল্লার ছেলে আকন্দের ছেলে নবাব আলী (৪০) ও পাবনা জেলার ফরিদুপর উপজেলার শিববাড়ি মেছরাপাড়া গ্রামের রহমত মোল্লার ছেলে রোকন আহম্মেদ (২৮)।

হাইওয়ে  থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঘুড়কা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের মধ্যে রোকন দুইটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং তার বিরুদ্ধে আরও সাতটি মামলা বিচারাধীন। এছাড়া নবাব আলীর বিরুদ্ধে দুইটি, শাহেদ আলীর বিরুদ্ধে দুইটি, মুকুল হোসেন ও নুর নবীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

ইত্তেফাক/নূহু