বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস উল্টে আহত ৩০

আপডেট : ২০ জুন ২০১৮, ১৮:৫২

রংপুরের বদরগঞ্জে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস উল্টে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট হাসিনানগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, উপজেলার গোপিনাথপুর ইউপির বোর্ডেরহাট পাশারিপাড়া হতে বৌভাত খাওয়ার উদেশ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ির (পানবাড়ি) দিকে একটি বাস রওনা হয়। পথিমধ্যে হাসিনানগর নামক এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিয়ে গিয়ে ড্রাইভার বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন, বোর্ডেরহাট পাশারিপাড়ার আরতি রানি, তাপসি রায়, রীমা রায়, পপি রানি, জয়া রানি, জাকিয়া খাতুন, দিপ্তি, মিনু, রত্না রানি, মিনতি রানি, হরেন্দ্র নাথ, গোবিন্দ, চারু বালা, অর্নব চন্দ্র, মোক্তার আলি, হাসিনুর রহমান, মমিনুল ইসলামসহ আরো অনেকে।

বদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলজার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান চৌধুরী জানান, আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইত্তেফাক/নূহু