গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

আপডেট : ২০ জুন ২০১৮, ১৮:৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে করতোয়া নদীর স্লুইস গেট এলাকায় গোসল করতে গিয়ে গতকাল বুধবার দুপুরে পারভেজ মিয়া (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি পৌরসভার চাষকপাড়া এলাকার মুন মিয়ার ছেলে।

পৌরসভার চাষকপাড়া এলাকায় বুধবার বেলা আড়াইটার দিকে একটি ধানক্ষেতে একদল যুবক ফুটবল খেলা শেষে করতোয়া নদীর স্লুইস গেট এলাকায় গোসল করতে নামে। এ সময় তারা সাঁতরে নদী পার হওয়ার খেলায় মেতে ওঠে। এরই এক পর্যায়ে পারভেজ নিখোঁজ হয়।

অন্য যুবকেরা নদী থেকে পাড়ে ফিরে এলেও পারভেজকে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা তার কোন সন্ধান পায়নি। উদ্ধার তৎপরতা চলছে বলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস জানায়।

ইত্তেফাক/নূহু