চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিন (৩১) নামে এক পোল্ট্রি খামারীকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। রুহুল আমিন শিবগঞ্জ উপজেলার দাদনচক চালকিপাড়ার মৃত তোবজুল হকের ছেলে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দাদনচক ঘাটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুহুল আমিন বিকেলে দাদনচক ঘাটে একা বসে ছিল। এ সময় একই এলাকার ইয়াসিন আলীর ছেলে জামাল, কবির, কামাল, দুলাল ও তার ছেলে ওয়াসিম, রবুর ছেলে তোহসিলসহ অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতে লোহার রড দিয়ে রুহুলের মাথায় আঘাত করে চলে যায়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল উদ্দিন জানিয়েছেন, রুহুল আমিনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। এতে অনেক রক্তক্ষরণ হয়েছেন। বর্তমানে তিনি পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন।
এঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন হত্যার চেষ্টার শিকার রুহুল আমিন।
এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
