নগরীর স্বর্ণ ব্যবসায়ী প্রবির ঘোষের সন্ধান দাবিতে কালির বাজার এলাকায় জুয়েলারী দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে স্বর্ণ ব্যবসায়ীরা। বুধবার দুপুরের দিকে এই বিক্ষোভ করে স্বর্ণ জুয়েলারী মালিক সমিতি ও স্বর্ণশিল্পের শ্রমিক সমিতি।
আন্দোলনকারীদের সূত্র জানায়, গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন কালিরবাজার এলাকার ভোলানাথ জুয়েলারীর মালিক প্রবির ঘোষ। এখন পর্যন্ত পুলিশ তার কোনো সন্ধান বের করতে পারেনি। তার সন্ধান না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে প্রবির ঘোষ নিখোঁজের ঘটনায় তার ছোট ভাই বিপ্লব ঘোষ মঙ্গলবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখানে তিনি দাবি করেছেন, তিন দিন থেকে তার ভাই স্বর্ণ ব্যবসায়ী প্রবির ঘোষ নিখোঁজ রয়েছেন। দুদিন তার মোবাইল ফোন খোলা পাওয়া গেলেও মঙ্গলবার থেকে তা বন্ধ রয়েছে। সম্ভাব্য সব জায়গাতে তার সন্ধান করেও খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) কামরুল ইসলাম। তিনি বলেন, 'আমরা জিডি গ্রহণ করেছি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ করছে।'
ইত্তেফাক/নূহু
