মৌলভীবাজার জেলায় বন্যাদূর্গতদের মাঝে দ্বিতীয় দিনের মতো ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। উজান থেকে নেমে আসা পানির ঢলে জেলার অধিকাংশ অঞ্চলে প্রকট বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে কয়েক লাখ মানুষ।
বন্যার্তদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়ার হাজিপুর, টিলাগাঁও মনসুরনগর রাজনগরের কামারচাকসহ বেশ কয়েকটি স্থানে এসব ত্রাণ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘প্রতিবছর বন্যায় বৃহত্তর সিলেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর হাওর অঞ্চলের অকাল বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণসামগ্রী নিয়ে সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। এবারও যাতে বন্যায় কারো খাবারের কষ্ট না হয় সেজন্য আমাদের ত্রাণ কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছেন। আমরা পানিবন্দী পরিবারগুলোর কাছে শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।'
এ সময় তিনি সমাজের বিত্তবানদের সাধ্যমত বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। ত্রাণ সামগ্রী বিতরণের সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
