তালায় হাতির আক্রমণে স্কুলছাত্র নিহত

আপডেট : ২১ জুন ২০১৮, ১২:৫৪
সাতক্ষীরার তালায় বেঁধে রাখা হাতি পায়ের নিচে পিষ্ট করে হত্যা করেছে জিহাদ (৮) নামের প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রকে। সে উপজেলার গঙ্গারামপুর গ্রামের হাসান গাজীর ছেলে এবং তালা আল-আমীন প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। 
 
আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার গঙ্গারামপুর পাকার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও হাতির মাহুত (পালক) পালিয়ে গেছেন। 
 
স্থানীয়রা জানান, পাইকগাছাগামী হাতিটিকে নিয়ে রাত হয়ে গেলে তার মাহুত তালার গঙ্গারামপুর পাকার মাথার মধ্যে একটি মাঠে আশ্রয় নেন। রাতে তিনি হাতিটিকে ঐ মাঠের মধ্যে বেঁধে রেখে পাশের দেবেন মণ্ডলের বাড়িতে রাত যাপন করেন। বৃহস্পতিবার ভোর বেলায় এলাকায় হাতি আসার খবরে প্রত্যন্ত এলাকার শতশত শিশু-কিশোর জড়ো হয় হাতিটিকে দেখতে। এসময় হাতিটি শুর দিয়ে উপস্থিতিদের তাড়া করলে সবাই ছুটে পালানোর চেষ্টা করে। তবে জিহাদ অসাবধানতাবশতঃ পড়ে গেলে ক্ষুব্ধ হাতি তাকে শুর দিয়ে ধরে কাছে টেনে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করে হত্যা করে। এসময় উপস্থিতিদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে তালা হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
তালা থানার ওসি মেহেদি রাসেল জানান, হাতিটা পাঁকা ব্রিজের কাছে বাঁধা ছিল। অনেক লোকের সঙ্গে জিহাদও হাতি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিল। হাতিটা হঠাৎ পাশে দাঁড়িয়ে দেখতে থাকা শিশুটিকে শুর দিয়ে পেঁচিয়ে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে। খবর পেয়ে পুলিশ হাতিটিকে আটক করে। তবে হাতির মাহুত পালিয়ে গেছেন বলে ওসি জানান।
 
হাতির মাহুতের আশ্রয়দাতা দেবেন মণ্ডলের স্ত্রী জানান, তারা হাতির মাহুতকে চেনেন না। তবে বাড়ি কুষ্টিয়া এলাকায় বলে জানিয়েছিলেন।
 
ইত্তেফাক/কেকে