দামুড়হুদায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২১ জুন ২০১৮, ১৬:৪৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলক্রসিংয়ের অদূরে ইসমাইলের আখ ক্ষেত থেকে একাধিক মামলার আসামি ও চিহ্ণিত মাদক ব্যবসায়ী হৃদয়ের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার আখক্ষেত থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় উপজেলার দর্শনা পৌরশহরের শান্তিপাড়া মহল্লার বাচ্চু মিয়ার ছেলে এবং চিহ্নিত মাদকব্যবাসায়ী। 
 
জানা যায়, গত ১৯ জুন সন্ধ্যা ৭ টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি।বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আখক্ষেতে গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
নিহত হৃদয়ের বাবা বাচ্চু মিয়া জানান, গত ১৯ জুন মঙ্গলবার সন্ধ্যায় ৬/৭ জন বাড়িতে এসে হৃদয়কে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ লাশের খবর পেয়ে লাশ সনাক্ত করি।
 
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, নিহত হৃদয় এলাকার চিহ্ণিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৪ টি মামলা ছিল। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। 
 
ইত্তেফাক/কেকে