ধামরাইয়ে ঈদের আগে ভিজিএফের চাল পায়নি দরিদ্ররা

আপডেট : ২১ জুন ২০১৮, ১৫:৪৩

ঢাকার ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের দরিদ্ররা ঈদের আগে ভিজিএফের চাল পায়নি। যে কারণে ৯০৮টি পরিবারকে ভিজিএফের চাল ছাড়াই ঈদ করতে হয়েছে।

ঈদের আগে বিতরণের নিয়ম থাকলেও ঈদের চার দিন পরে আজ বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে ধামরাই সদর ইউনিয়নে। ভিজিএফের চাল বিতরণ নিয়ে ওই ইউনিয়েনের চেয়ারম্যান সাহাবুদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় ঈদের চার দিন পরে চেয়ারম্যান সাহাবুদ্দিন ভিজিএফের চাল বিতরণ শুরু করেন।

ঈদের আগে ভিজিএফের চাল বিতরণ না করার কারণ জানতে চাইলে চেয়ারম্যান সাহাবুদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, ঈদের মাত্র দুইদিন আগে চাল পেয়েছি। কার্ডধারীরা এ সময় জাকাত ফেতরা তোলায় ব্যস্ত ছিল বিধায় তাদের চাল দেওয়া হয়নি।

অন্যদিকে ঈদের আগের রাতে চাল পেয়েও চাল বিতরণ করেছেন সূয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব। তিনি বলেন, দরিদ্রদের ঈদ করার জন্যই ভিজিএফের চাল দেওয়া হয়। ঈদের পরে তারা চাল দিয়ে কি করবে! তাই কষ্ট হলেও ঈদের আগের দিনই চাল বিতরণ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঈদের আগেই ভিজিএফের চাল বিতরণের নিয়ম। এ অনিয়মের জন্য সদরের চেয়ারম্যানকে সতর্ক করে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু