মাগুরায় ইয়াবাসহ এক বিজিবি সদস্য গ্রেফতার

আপডেট : ২১ জুন ২০১৮, ১৭:৫৮

আজ বৃহস্পতিবার সকালে মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৪পিস ইয়াবাসহ এক বিজিবি সদস্যসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিজিবি সদস্যের নাম ওমর আলী। আটক অন্যদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, জেলার বিনোদপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির অভিযোগে বিজিবি সদস্য ওমর আলীকে ৫০পিস এবং অপর একজন জসিম উদ্দিনের কাছ থেকে ৪পিস মোট ৫৪ পিস ইয়াবা উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

ওমর আলী জেলার মহম্মদপুর উপজেলার ভাবনাপাড়া গ্রামের হাফিজার মোল্লার ছেলে এবং কক্সবাজার বিজিবি-৮ ব্যাটালিয়ন সদস্য বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু