মনোহরগঞ্জে ঘাতক পিকআপ কেড়ে নিল শিশুর প্রাণ

আপডেট : ২১ জুন ২০১৮, ১৮:৩২

কুমিল্লার মনোহরগঞ্জে বেপরোয়া গতির পিকআপ কেড়ে নিল সাফওয়ান (৭) নামে এক শিশুর প্রাণ। বুধবার সন্ধ্যায় লাকসাম-মনোহরগঞ্জ সড়কের মৈশাতুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাফওয়ান ওই গ্রামের হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদারের ভাতিজা ও রতন মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলো শিশু সাফওয়ান। এ সময় লাকসাম থেকে মনোহরগঞ্জগামী বেপরোয়া গতির একটি পিকআপ শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর পালিয়ে যায় চালক। পরে স্থানীয় লোকজন পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করে।

মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খানের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি ইত্তেফাককে জানান, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

ইত্তেফাক/নূহু