নওগাঁয় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
এর আগে ১৭ জুন রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তালতলী মাদরাসা পাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার বোয়ালিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে হত্যাকারী আমিনুল ইসলাম শ্যামল (৩৫) পলাতক রয়েছে। তিনি শেখপুরা গ্রামের মৃত আব্দুলের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৭জুন) বিকেলে তালতলী মাদরাসাপাড়ায় ক্যারাম খেলার সময় বোর্ডে গুটি সাজানোকে কেন্দ্র করে নিহত শাহিনের সাথে আমিনুল ইসলামের কথাকাটাকাটি হয়। এরপর স্থানীয় ভাবে এলাকার লোকজন আপোষ করে দেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ফুটবল খেলা দেখতে আসেন শাহিন। খেলা দেখার এক পর্যায়ে শাহিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান আমিনুল ইসলাম।
পরে স্থানীয়রা শাহিনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে শাহিন মারা যান। ঘটনায় নিহতের ভাই শামিম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার কার হয়েছে। আসামীকে আটকের জোর প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/মোস্তাফিজ
