কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মংলারকুটি সীমান্তে ভারতের ভেতর থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশি এক নাগরিকের লাশ উদ্ধার করেছে বিএসএফ। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাদের উপস্থিতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ধার করতে পারেনি পুলিশ।
কচাকাটা থানা পুলিশ ও এলাকাবাসী জানান, মংলার কুটি গ্রামের সন্দির আলীর ছেলে আলম মিয়া (৫০) বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ-আসাম সীমান্তের ১০১১ এবং ১০১২ মেইন পিলারের মধ্যবর্তী এলাকা মরাখানার ভারতের ভেতরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেন নি। শুক্রবার সকালে তার লাশ পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন এলাকাবাসী।
পরে বিজিবি-বিএসএফের উপস্থিতে লাশ উদ্ধার করে ভারতের আসাম রাজ্যের গোলকগঞ্জ থানার পুলিশ। এসময় বাংলাদেশের কচাকাটা থানার পুলিশও উপস্থিত ছিল।
দু’দেশের পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভারতীয় পুলিশ। এসময় ভারতের পক্ষে নেতৃত্ব দেন গোলোগঞ্জ থানার ডিএসবি প্রাঞ্জল বড়াল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কচাকাটা থানার এসআই শহিদ। এসময় বিজিবি ও বিএসএফের পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করবেন বলে জানান ধুবরী জেলার গোলোগঞ্জ থানা ম্যাজিস্ট্রেট চয়নিকা ঠাকুরিয়া।
ইত্তেফাক/আরকেজি
