শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারের লাবণী বস্ত্রালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে সিকিউরিটি বাল্ব ও তালা ভেঙ্গে প্রায় আট লাখ টাকার কাপড় চোরেরা নিয়ে গেছে বলে দোকানটির মালিক ফজলুর রহমান জানিয়েছেন। এ ঘটনায় বাজারের পাহারাদাররা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ফজুলর রহমান জানান, শরীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পর দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি চলে যান তিনি। পরদিন সকালে পাশের দোকানদার গনেশ হালদার ওই দোকানের ঝাপ (দরজা) খোলা দেখে ফোনে তাকে জানান। খবর পেয়ে দোকানে এসে দেখেন তাক (আলমারি) থেকে প্রিন্ট, টাঙ্গাইলের কাপড়, শাড়ি ও লুঙ্গি চুরি হয়েছে। ভেতরে বেশকিছু কাপড় ও লুঙ্গি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। চুরি হওয়া মালপত্রের মূল্য কম পক্ষে আট লাখ টাকা বলে জানান তিনি।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও চান্দু, আক্কাস ও রফেদ এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে জাকির ও গোপাল বাজারে পাহারা দিয়েছেন। পাহারাদার থাকার পরও রাতের কোন এক সময় এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এতে পাহারাদাররা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন ব্যবসায়ীরা।
চান্দু বলেন, 'রাত দুইটার দিকে একটি ট্রাক এই দোকানের পাশে বন্ধ অবস্থায় থেমে ছিল। পরে চালক ও হেলপারকে ডেকে ট্রাক সরিয়ে দেওয়া হয়েছে। কখন চুরি হয়েছে বলতে পারছেন না তিনি।
এ ব্যাপারে শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
