কক্সবাজারে পানিতে ডুবে আমেরিকা প্রবাসী পর্যটকের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০১৮, ১৭:১০

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আরফাত (২২) নামের এক পর্যটকের মৃত্যূ হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পর্যটক চট্টগ্রাম হালিশহরের আমতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ছেলে আল আরাফাত আমেরিকায় পড়ালেখা করে। মাত্র দশ দিন আগে পরিজনের কাছে দেশে এসেছিলেন তিনি। ভাইবোনদের সঙ্গে নিয়ে শুক্রবার কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ভাটা চলাকালে গোসল করতে নামলে ভাটার টানে ভেসে যান।

পরে লাইফ গার্ডের লোকজনসহ ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটার টানেই আরফাত ভেসে যান। মূলতঃ সাঁতার না জানায় সাগরের পানিতে ডুবে যান এবং ভয়ে মারা যান।

ইত্তেফাক/নূহু