সাভারের আশুলিয়ার সুটকেসের ভিতর থেকে অজ্ঞাত (২২) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবিব সিএনজি ষ্টেশনের পাশে একটি পরিত্যক্ত সুটকেস দেখতে পায় পথচারীরা। এ সময় তারা সুটকেসের ভিতর থেকে কিছু চুল বের হয়ে থাকতে দেখে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।
খবর পয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুটকেস খুলে এক নারীর লাশ দেখতে পায়। নিহত নারীর পরনে লাল ও গোলাপী রংয়ের সালোয়ার কামিজ পড়া ছিল।
আশুলিয়া থানার এসআই অহিদ মিয়া জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সুটকেসে ভরে এখানে ফেলে গেছে হত্যাকারীরা। নিহত নারীর পরিচয় বের করতে এবং বিষয়টি তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
