নাটোরের সিংড়ায় বাল্য বিবাহের খবর সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক বগুড়া পত্রিকার সিংড়া প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের সদস্য আশরাফুল ইসলাম সুমন। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সিংড়া থানায় জিডি করেছেন।
জানা যায়, বুধবার দিবাগত রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের সুকাশ গ্রামের আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের বাড়িতে বাল্য বিবাহের আয়োজন চলছে এমন খবর সংগ্রহ করতে যান সাংবাদিক আশরাফুল ইসলাম। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টু, বেলাল, সিদ্দিকসহ আরো অনেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে।
এ ছাড়াও খবর প্রকাশ ও পরবর্তীতে ওই এলাকায় গেলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে আশরাফুল ইসলাম সুমন জানান, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার নিরাপত্তার কারনে থানায় ডিজি করেছি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, তদন্ত করে এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
