ধরলা নদীতে ৪ মণ ওজনের শুশুক আটক

আপডেট : ২২ জুন ২০১৮, ১৯:৩৯

লালমনিরহাটের ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪ মণ ওজনের শুশুক। এ শুশুকটি পাচার হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকায় ধরলা নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রুপ মন্ডল এলাকায় ধরলা নদীতে মাছ ধরতে জাল ফেলে স্থানীয় জেলারা। এ সময় বিকেলের দিকে তাদের জালে আটকা পড়ে বিশাল আকারের এ শুশুকটি। বড় মাছ উদ্ধারের খবরে স্থানীয় উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়।

স্থানীয় লোকজন কিনতে চাইলেও জেলেরা মাছটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালারহাটে নিয়ে যায় বিক্রি করতে।

মাছটি দেখে লালমনিরহাট জজ আদালতের আইনজীবি এ্যাডভোকেট সাব্বির বিথী ফয়সাল জানান, প্রায় ৪ মণ ওজনের এ শুশুকটি দেখতে আসা স্থানীয়রা সবাই মিলে ক্রয় করতে চেয়েছিলে। কিন্তু জেলারা বালারহাটে তাদের নিজস্ব ক্রেতা রয়েছে বলে বিক্রি করেনি। দরদামও করা হয়নি। তবে মাছটি ভারতে পাচার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইত্তেফাক/নূহু