ফতুল্লায় এসে খেলা দেখলেন ব্রাজিলের রাষ্ট্রদূত

আপডেট : ২২ জুন ২০১৮, ২১:৪৮

ব্রাজিলের ‘ফ্যান কার্ড’ নিয়ে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে রাশিয়ার মাঠে বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হওয়া নারায়ণগঞ্জের ফতুল্লার ‘ব্রাজিল-বাড়ি’র জয়নাল আবেদীন টুটুলের বাড়িতে হাজারো মানুষের ভিড় জমেছে। ব্রাজিলের খেলা উপভোগ করতে গতকাল শুক্রবার সকাল থেকেই নারায়াণগঞ্জের ফতুল্লার লালপুরে ব্রাজিল বাড়ি খ্যাত এই বাড়িতে ব্রাজিল সমর্থকদের ভিড় জমে। গতকাল দুপুরে ঢাকা থেকে রিক্সায় চড়ে ফতুল্লায় এসে হাজির হন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিরা জুনিয়র। ব্রাজিলের টিভি চ্যানেল নেটওয়ার্ক গ্লোব টিভির তিনজন সাংবাদিকসহ দেশি বিদেশি ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সমর্থকরাও আসে।
IMG0
টুটুল দুপুরে তার প্রতিক্রিয়ায় জানান, আমি অত্যন্ত আনন্দিত আজকে ব্রাজিলের প্রতিনিধিদল আমার বাড়িতে এসেছেন। কয়েক হাজার মানুষের খেলা দেখার ব্যবস্থা আমি করেছি, দুপুরে তারা খাবারও খেয়েছেন। আমরা এখানে ২০ পাউন্ডের ব্রাজিলের একটি কেক কেটেছি। তারপর ব্রাজিলের প্রতিনিধি দলকে সংবর্ধনা দেওয়ার পর আমরা ব্রাজিল সমর্থকদের নিয়ে গেট টুগেদার করি। গতকাল বিকেল থেকে ব্রাজিলের খেলা দেখার জন্য কয়েক হাজার সমর্থক একসঙ্গে ব্রাজিল প্রতিনিধি দলকে নিয়ে খেলা দেখেন।

সকাল থেকেই কয়েক হাজার মানুষ এখানে জড়ো হতে থাকে। ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিরা জুনিয়র বলেন, আমি এখানে এসে আনন্দিত, অভিভূত। সত্যিই যেন এক টুকরো ব্রাজিল মনে হচ্ছে। বাংলাদেশের মানুষ এতটা আন্তরিক বলে বুঝানো যাবে না। সকলের কাছে আমরা কৃতজ্ঞ, সবাইকেই ধন্যবাদ।

অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, এখানে হাজারো সমর্থকদের খেলা দেখা ও ব্রাজিলের সমর্থকদের আগমন উপলক্ষে সংবাদ পেয়ে র‌্যাব ও পুলিশের সম্মিলিত বিশেষ নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হবেনা আশা করি। ব্রাজিলের একজন ভক্ত হিসেবে নিজের বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ব্রাজিলের হাইকমিশনের দৃষ্টিতে চলে আসেন টুটুল। এরপর পেয়ে যান তিনি রাশিয়ার মাঠে ব্রাজিলের খেলা দেখার ফ্যান কার্ড। গত ১৩ জুন বিশ্বকাপ খেলা দেখতে রাশিয়ায় যান টুটুল। ১৯ তারিখে তিনি দেশে ফিরেন। টুটুল ফেরার পর গতকাল শুক্রবার ব্রাজিলের প্রতিনিধি দল আসেন তার বাড়িতে বাড়িটি সরেজমিনে দেখতে। সন্ধ্যায় এ বাড়িতে বসেই ব্রাজিলের খেলাটি উপভোগ করেন ব্রাজিলের প্রতিনিধি দল।

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় জয়নাল আবেদীন টুটুলের মালিকানাধীন বাড়িটিকে সবাই ব্রাজিল বাড়ি নামেই চেনেন। ৭ তলা বাড়িটির পুরোটাই অঙ্কিত হয়েছে ব্রাজিলের পতাকার রঙে। বাড়ির ছাদে উড়ছে বড় বড় পতাকাও। বাড়িটির প্রধান ফটকে লেখা রয়েছে ব্রাজিল বাড়ি। ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি একনিষ্ঠ সমর্থন থেকেই তিনি নিজের বাড়িটির নাম ব্রাজিল বাড়ি দিয়েছেন এবং বাড়িটিকে ব্রাজিলের পতাকার রঙে মনের মতো করে সাজিয়েছেন।

তার বাড়ির ভেতরে প্রবেশ করলেও দেখা যায় ব্রাজিলের পতাকার রঙে বাড়িটি রাঙানো। ড্রইং রুমে রয়েছে ব্রাজিল দলের বিভিন্ন স্যুভেনির, পতাকা, জার্সি ও পোস্টার। ব্রাজিল দলের বিভিন্ন খেলোয়াড়ের ছবি রয়েছে বাড়ির বিভিন্ন দেওয়ালে দেওয়ালে। রয়েছে ব্রাজিলের পতাকা বাঁধাই করা ফটোফ্রেম।

শুক্রবারের খেলায় ব্রজিল প্রথম গোল দেওয়ার পর রাষ্ট্রদূতসহ সকল সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

ইত্তেফাক/নূহু