চাটমোহরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে স্বামীর আত্মহত্যা

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:০৪

পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নে মথুরাপুর খ্রিস্টান পল্লীতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে আত্মহত্যা করেছে চন্দন পিরিচ (৫০) নামের এক ব্যক্তি। সে ওই গ্রামের সিলভাস্টার পিরিচের ছেলে। বৃহস্পতিবার আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া দলের ফুটবল খেলা দেখে রাত আড়াইটার দিকে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে চন্দনের ঝগড়া হয়।

এ ঘটনায় স্ত্রী রাগ করে অন্য ঘরে শুয়ে পড়েন। এরই জের ধরে চন্দন নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে ঘরের দরোজা ভেঙে চন্দনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। থানায় ইউডি মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু