রামগতিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৭:০৫

লক্ষীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে জেলেদেরকে মারধর করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আলেকজান্ডার সেন্টারখাল মাছঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সাইদুল ইসলাম হাওলাদার নামের ওই জেলের লাশ উদ্ধার করা হয়। সাইদুল বরিশালের হিজলা উপজেলার জয়নাল আবদ্দিন হাওলাদারের ছেলে।

সেন্টারখাল মাছঘাটের আড়তদার বাবুল দালাল জানান, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর আবদুল্লাহর চর এলাকায় ফারুক মাঝির ইঞ্জিন চালিত একটি মাছ ধরার ট্রালারে একদল জলদস্যু হামলা চালায়। এ সময় জলদস্যুরা ট্রলারে থাকা ৭ জেলেকে মারধর করে নদীতে ফেলে দিয়ে জালসহ ট্রলারটি নিয়ে যায়। ৫ জেলেকে অন্য ট্রলারে উদ্ধার করলেও সাইদুল ইসলাম হাওলাদার নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আবুল কালাম মাল নামের অপর এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল জানান, উদ্ধার করা জেলের লাশ মায়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু