কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে অপহৃত তৃতীয় শ্রেণির স্কুলছাত্র দেব দত্তকে (৮) ঘটনার ১৯ দিন পরও পুলিশ উদ্ধার করতে পারেনি। এছাড়া অপহৃতের ভাগ্যে কি ঘটেছে পুলিশ তা নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। অপহৃত দেব দত্ত উদ্ধার না হওয়ায় তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা দিশেহারা ও চরম আতংকগ্রস্ত হয়ে পড়েছেন।
এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার কুমারখালীর থানামোড় চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমারখালী শাখার সভাপতি দেব দুলাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুষ্টিয়া জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, এ্যাডভোকেট পরিমল কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মীর আরশেদ আলী, জাসদ নেতা মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, এ্যাডভোকেট শংকর মজুমদার, উপজেলা জাসদ সভাপতি আবু ছালেক ছবি, বাংলাদেশ-ভারত মৈত্রী পরিষদের সাধারণ সম্পাদক নিতাই কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে অপহৃত শিশু দেব দত্ত উদ্ধার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এর আগে অতি সম্প্রতি কুষ্টিয়া শহরেও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ডাকে পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য, মিরপুর উপজেলা বেসরকারী স্কুলের শিক্ষক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র দত্তের পুত্র দেব দত্তকে গত ৮ জুন প্রাইভেট পড়তে যাওয়ার সময় চিথলিয়া গ্রাম থেকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরবর্তীতে তার মুক্তিপণবাবদ ৫০ লাখ টাকা দাবি করে।
ঘটনার পর অপহৃতের বাবা মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ঘটনার পর পুলিশ অপহৃতকে এখনো উদ্ধার করতে পারেনি।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহৃতকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
ইত্তেফাক/নূহু
