রাজধানীতে অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬১

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৯:৫৫
রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬১জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে শনিবার বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দক্ষিণখান থানার ফায়েদাবাদ বালুরমাঠ, সোয়ারিরটেক, ট্রান্সমিটার ও মধুবাগ এলাকায় পুলিশ মাদক বিরোধী সারাশি অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে। অপরদিকে পুলিশের নিয়মিত অভিযানে আরও ৪৬ জন গ্রেফতার হয়েছেন। 
 
পুলিশের দক্ষিণখান জোনের এসি মিজানুর রহমান জানান, দক্ষিণখান থানার ফায়েদাবাদ বালুরমাঠ, সোয়ারিরটেক, ট্রান্সমিটার ও মধুবাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, আধা কেজি গাঁজা, ২টা কিরিসসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩২২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫৫ গ্রাম ৫১৭ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১৪ বোতল ফেন্সিডিল ও ৬৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই