এবার ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে নগরীর মর্গ্যান স্কুলের শিক্ষার্থীরা। সেইসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে তারা আল্টিমেটাম দিয়েছে আগামী চার দিনের মধ্যে স্কুল ভবন ভাঙার ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। শনিবার দুপুরের দিকে স্কুল মাঠে হাজারো শিক্ষার্থী সমবেত হয়ে ওই আল্টিমেটাম প্রদান করে। এ সময় স্কুল শিক্ষকেরাও উপস্থিত ছিলো।
এ সময় শিক্ষার্থীরা দাবি করে, সম্পূর্ণ বেআইনীভাবে রাতের আঁধারে স্কুল ভবন ভেঙে দিয়েছে সিটি করপোরেশন। এ ব্যাপারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি কোনোরকম কর্ণপাত করেননি। এ সময় স্কুল ভবন ভাঙার প্রতিবাদে সকল শিক্ষার্থী কালো ব্যাজ পরিধান করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না বলেও ঘোষণা দিয়েছে।
বিক্ষোভকালে উপস্থিত ছিলেন স্কুলটির অধ্যক্ষ অশোক তরু, সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার, শিক্ষক প্রতিনিধি আক্তারুজ্জামান, এম কবির ইউ চৌধুরী, রশওনা আরা পারভীন, হাজেরা খাতুন, ইয়া রসূল মিয়া প্রমূখ।
প্রসঙ্গত, ১৯ মে রাতে মর্গ্যান স্কুলের পূর্ব পাশের দ্বিতল ভবনটি নাসিক তাদের জায়গা দাবি করে ভেঙে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্কুল শিক্ষার্থীরা। এ ঘটনায় স্কুলের পক্ষ থেকে থানায় জিডিও করা হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া সদর-বন্দর আসনের এমপি সেলিম ওসমানসহ জেলার নাগরিক, সাংস্কৃতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে রমজান মাসে মত বিনিময় সভা করে স্কুল কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগ, এত কিছুর পরও নাসিক কোনো উদ্যোগ গ্রহণ না করায় আমরা বিক্ষোভে নামকে বাধ্য হয়েছি। আমাদের বেঁধে দেয়া চারদিনের মধ্যে নাসিক সৃষ্ট সমস্যার সমাধান না করলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।
ইত্তেফাক/নূহু
