উল্লাপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৪ জুন ২০১৮, ১২:৩৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রবিবার ভোর চারটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত কোচের সুপারভাইজার পাবনা সদর উপজেলার রাঘবপুর গ্রামের ইউনুস আলীর ছেলে শাহীন (৪০) এবং হেলপার পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে রেজাউল করিম (৪৫)। ট্রাকের চালকসহ আহতদেরকে হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল, সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজ জানান, কোচটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মাছের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ গাড়ি দুটি আটক করেছে। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম