পাহাড়ি কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)। রবিবার বিকালে সরকারি হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি কোর্ট বিল্ডিং এলাকায় প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে মারমা ছাত্রছাত্রীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ছাত্র পরিষদের জেলা সভাপতি আনুমং মারমা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিংহ্লামং মারমা, ক্যাপ্রু মারমা, জেলা সাধারণ সম্পাদক চিংহ্লামং মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি দেবাশীষ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের জেসিন চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমা প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা ঘটনায় জড়িত ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২১ জুন দুপুরে একদল দুর্বৃত্ত জেলার প্রধান বিনোদন কেন্দ্রে জেলা পরিষদ পার্কে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পুলিশ ওই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করলেও ৫ জনকে সম্পৃক্ততার কারণে গ্রেফতার করে।
খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানিয়েছেন, ধর্ষণ ঘটনার পরপরই ৫ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীদের ধরতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চলছে।
ইত্তেফাক/এমআই
