চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উচ্চমান সহকারী মিলন কান্তি রুদ্র ১৫ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার হয়েছেন। রবিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজে সংলগ্ন এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম ফাঁদ পেতে থাকে গ্রেফতার করে।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেনের তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে এ ফাঁদ অভিযান চালানো হয়। এ বিষয়ে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে পাঁলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
দুদক জানায়, জনৈক মো. মোজাম্মেল হক দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করেন যে, তার আপন ছোট ভাইয়ের জখমি মেডিক্যাল সার্টিফিকেট দেওয়ার জন্য মিলন কান্তি রুদ্র ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। ইতোপূর্বে মোজাম্মেল দাবিকৃত ঘুষের ২৫ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা দিয়েছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করা হলে, কমিশন সকল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ফাঁদ অভিযান চালানোর অনুমতি দেয় এবং অভিযান চালানোর জন্য দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দনকে প্রধান করে আট সদস্যের একটি বিশেষ টিম গঠন করে। রবিবার বেলা সাড়ে ৩টায় মো. মোজাম্মেল হকের কাছ থেকে দাবিকৃত ঘুষের অবশিষ্ট ১৫ হাজার টাকা নেওয়ার প্রাক্কালে দুদকের বিশেষ টিমের সদস্যদের হাতে গ্রেফতার হন মিলন কান্তি রুদ্র।
ইত্তেফাক/এমআই
