কুমিল্লায় বাসচাপায় নারী নিহত

আপডেট : ২৪ জুন ২০১৮, ২১:১৬
কুমিল্লায় বাসের চাপায় সাজেদা বেগম নামে এক অটোরিকশার যাত্রী নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক ও ৪ যাত্রীসহ ৫ জন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুরপাড় এলাকার তানভীর হোসেনের স্ত্রী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় উপকূল পরিবহনের একটি বাসের হেলপার বাসটিকে পার্কিং করার সময় পেছন দিক দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী সাজেদা বেগম ঘটনাস্থলে নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা মোহন মিয়া ও তার ছেলে এবং চালকসহ ৫জন। 
 
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/এমআই