সাতক্ষীরার দেবহাটায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রার রাফসান ব্রিকস্ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী কিংফিসার পরিবহন (যশোর-ব-১১-০১৫০) দেবহাটার সেকেন্দ্রা এলাকায় এসে একটি ইঞ্জিনভ্যানকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উত্তর কুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (১৮) মারা যান। এ সময় আহত হন উপজেলার বহেরা খাসখামার এলাকার আব্দুল গফ্ফারের ছেলে গোলাম রসুল (৪৫) ও কুলিয়ার আজগর আলীর ছেলে এছানুর (২২)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে কিংফিসার পরিবহনের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এমআই
