চৌগাছায় ট্রাক চাপায় গৃহবধূ নিহত

আপডেট : ২৫ জুন ২০১৮, ০৮:৩২
যশোরের চৌগাছায় ট্রাক চাপায় নার্গিস বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। নার্গিস উপজেলা সিংহঝুলি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি ঝিকরগাছা উপজেলার ব্যাঙদাহ গ্রামে। রবিবার বিকেল ছয়টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, নার্গিস তার ভাই আনোয়ার হোসেনের মোটরসাইকেলের পেছনে চড়ে শ্বশুরবাড়ি সিংহঝুলি থেকে বাবার বাড়ি ব্যাঙদাহ গ্রামে যাচ্ছিলেন। চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলার এসবি ব্রিকসের কাছে পৌঁছালে ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নার্গিসের মৃত্যু হয়।
 
সংবাদ পেয়ে দশপাকিয়া ফাঁড়ির আইসি এসআই শফিকুল ইসলাম চৌগাছার জাহাঙ্গীরপুর বাজারে গিয়ে ট্রাকটিকে আটক করেন। চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি