আমরা ক্লাসে মাত্র পাঁচ পারসেন্ট পড়াই

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৫৫

জনপ্রিয় কথাসাহিত্যিক ও গবেষক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, আমরা ক্লাসে মাত্র মাত্র ৫ পারসেন্ট পড়াই। খুব অল্প সময়ে এর বেশি আর পড়ানো সম্ভব নয়। আর বাকি ৯৫ পারসেন্ট শিক্ষার্থীদের নিজের চেষ্টায় পড়ে নিতে হয়।

শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অনুষ্ঠিত ‘এলআইসিটি সাস্ট টিচ ফেস্ট’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এসডব্লিউই-আইআইসিটি ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দুইদিনব্যাপী অনুষ্ঠানটি আগামীকাল শনিবার শেষ হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন আইকিউএসি’র ডিরেক্টর অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, আইআইসিটি’র ডিরেক্টর অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান,  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ প্রমুখ। পরে শাবি কোষাধ্যক্ষ বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, শনিবার সকালে ‘টিস টক উইথ পলক’ সেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।